যারা গত জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে বেঈমানি করেছেন, ভবিষ্যতে দলে তাদের কোনো স্থান হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঘর নির্মাণের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করেছে। কিন্তু সরকার গঠনের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই একটি মহল লংমার্চের হুমকি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিএনপি কোনো হুমকিকে পরোয়া করে না।
তিনি বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রিসভায় স্থান দিয়ে তাদের বিরুদ্ধে থাকা ‘রাজাকারের তকমা’ দূর করার চেষ্টা করেছিলেন। কিন্তু জামায়াত এখন সেই ইতিহাস ভুলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী দলের নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের পাশে থেকে কাজ করতে হবে এবং দুঃসময়ে যারা দলের জন্য কাজ করেছেন, বৈধ প্রাপ্য তারা অবশ্যই পাবেন।
অনুষ্ঠানে জানানো হয়, গত জুলাইয়ের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাঁশখালীতে প্রায় ১২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে জেলা পরিষদের উদ্যোগে ৫১০টি পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।![]()