শিশু-কিশোর সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’ এবার নতুন রূপে ফিরে এসেছে। লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের বহুলপঠিত ছোটকাকু সিরিজের ১৪টি বই নতুন মোড়ক, নতুন বিন্যাস ও ব্যতিক্রমী প্রকাশনাশৈলীতে প্রকাশ করেছে অন্যপ্রকাশ। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে বইগুলোর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
নতুন সংস্করণের ১৪টি বইয়ের মধ্যে ১০টিতে রয়েছে দুটি করে মোট ২০টি রহস্যকাহিনি। প্রতিটি বইয়ের বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে দুটি ভিন্ন প্রচ্ছদ। পাশাপাশি সিরিজে যুক্ত হয়েছে আরও চারটি অনুবাদ গ্রন্থ। সব কটি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগরের সঙ্গে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, অভিনেতা আফজাল হোসেন, তারিক আনাম খান, লেখক আনিসুল হক, দেশ রূপান্তরের সম্পাদক মোস্তাফিজ শফি, আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ হামিদুল হক, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, মাত্রার ব্যবস্থাপনা অংশীদার সানাউল আরেফিন, চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খানসহ বিশিষ্ট লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান মহাব্যবস্থাপক রাজু আলীম।
এ সময় আয়োজকেরা জানান, ছোটকাকুর পাঠক-ভক্তদের জন্য ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব’। বিজ্ঞাপনী সংস্থা মাত্রা উৎসবটির আয়োজন করছে।![]()