বাংলাদেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধসহ নির্দিষ্ট পণ্য এ সুবিধার আওতায় থাকবে।
মার্কিন বাণিজ্য বিভাগের তালিকা অনুযায়ী, বিরল রোগ, বন্ধ্যত্বের চিকিৎসা, কোষভিত্তিক থেরাপি ও জিন থেরাপিতে ব্যবহৃত ওষুধ শূন্য শুল্কের আওতায় থাকবে। এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত নির্দিষ্ট উপাদানও এ সুবিধা পাবে।
বাংলাদেশ ছাড়াও ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম এ শূন্য শুল্কের তালিকায় রয়েছে।
বাণিজ্য সম্প্রসারণ আইনের ২৩২ ধারার আওতায় ওষুধ ও ওষুধের কাঁচামাল আমদানি সমন্বয়ে ট্রাম্প প্রশাসনের এপ্রিলের ঘোষণার বাস্তবায়নের অংশ হিসেবে এ শুল্কছাড় দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট পেটেন্ট করা ওষুধ ও সংশ্লিষ্ট কাঁচামালের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তুতিও চলছে।
মার্কিন বাণিজ্য বিভাগের নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোর ভিত্তিতে শুল্কছাড় দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেনেরিক ওষুধ এবং এর সংশ্লিষ্ট উপাদান ধারা ২৩২-এর ওষুধ শুল্কের আওতাভুক্ত নয়। একই সঙ্গে মূল ঘোষণাপত্রে কিছু কারিগরি সংশোধন আনা হয়েছে। এর মধ্যে ‘জেনেরিক ওষুধ সামগ্রী’র সংজ্ঞা সংশোধন করে পেটেন্টবিহীন পশুস্বাস্থ্য পণ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া ‘ঔষধ সামগ্রী’র সংজ্ঞায় প্রস্তুতকৃত ওষুধ, সক্রিয় ঔষধীয় উপাদান (API) এবং এসব উপাদান তৈরির মূল কাঁচামাল অন্তর্ভুক্ত থাকার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।![]()