মাঠ পর্যায়ে রাজস্ব আহরণ প্রক্রিয়ায় গতিশীলতা আনতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার সময়সীমায় পরিবর্তন আসছে।
সংশোধিত বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষে একবারের পরিবর্তে এখন থেকে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। দাখিলপত্র জমা দেওয়ার ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া যাবে।
তবে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।
সচিবালয়ে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে সংশোধনী অধ্যাদেশের খসড়াটি নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের জন্য খসড়াটি উপস্থাপন করা হয়।
মন্ত্রিসভার বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়। গত ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফরে তিনি মোট ৩২টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
মন্ত্রিসভা একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্বের বিষয়টিকে বিশেষ ঘটনা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়েছে।
এর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন জিয়াউর রহমান। পরে ১৯৯৩ সালের ১ অক্টোবর সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন খালেদা জিয়া। তাঁদের পর তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন তারেক রহমান।![]()