ওয়েব সিরিজ ‘ফেউ’র দ্বিতীয় সিজন এ বছর মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও নির্মাতা সুকর্ণ সাহেদ ধীমান। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
১৯৭৯ সালের মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত ‘ফেউ’র প্রথম সিজন মুক্তি পায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি। দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় নানা প্রতিকূলতা পেরিয়ে ডুমুরঝাঁপিতে আশ্রয় নেওয়া হিন্দুধর্মাবলম্বী শরণার্থীদের জীবনসংগ্রাম, উচ্ছেদ অভিযান ও হত্যাকাণ্ডের ঘটনা উঠে আসে সিরিজটিতে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাংবাদিকতা, নিখোঁজ এক আলোকচিত্রীর রহস্য এবং তাঁর ছেলের অনুসন্ধানের গল্প।
সিরিজের গল্পে মোংলা চার্চের আলোকচিত্রী সুনীল শরণার্থীদের ওপর নির্যাতনের ঘটনা সংবাদমাধ্যমে তুলে ধরতে চান। কিন্তু নানা বাধার মুখে পড়েন তিনি। একপর্যায়ে পুলিশের গুলিতে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। দুই যুগ পর সুনীলের তোলা কিছু ছবির সন্ধানে নামে তাঁর ছেলে ড্যানিয়েল। অনুসন্ধানের একপর্যায়ে সে জানতে পারে, তার বাবার বদলে কবর দেওয়া হয়েছিল একটি গাছের গুঁড়ি। এরপর সুনীলের প্রকৃত পরিণতি জানতে শুরু হয় নতুন অনুসন্ধান।
প্রথম সিজন মুক্তির সময়ই জানা গিয়েছিল, দুই সিজনের শুটিং একটানা সম্পন্ন হয়েছে। সে কারণে প্রথম সিজনের কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় সিজন মুক্তির প্রত্যাশা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মুক্তির ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
নির্মাতা সুকর্ণ সাহেদ ধীমান বলেন, ‘আমি নিজেও অপেক্ষায় আছি ফেউ সিরিজের বাকি অংশের জন্য। এই বছরে আমরা ফেউ-এর সম্পূর্ণটা রিলিজ দিতে চাই। কিন্তু পুরো পরিকল্পনাটা এখনো অফিশিয়ালি কনফার্ম হয়নি। কনফার্ম হলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’
চরকি কর্তৃপক্ষও জানিয়েছে, এ বছরই দ্বিতীয় সিজন মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ নিয়ে আলোচনা চলছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
‘ফেউ’ সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, তানভীর অপূর্ব, হোসেন জীবন, রিজভি রিজু ও এ কে আজাদ সেতুসহ অনেকে।
![]()