রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার তিন কর্মকর্তাকে নিজ বাহিনীতে ফিরিয়ে এনেছে সরকার। প্রেষণে নিয়োগ বাতিল করে তাঁদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রত্যাহার হওয়া এই তিন শীর্ষ সেনা কর্মকর্তা হলেন—মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই তিন কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত হিসেবে তাঁদের দায়িত্ব পালনের অবসান ঘটল। উল্লেখ্য, এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার লক্ষ্যে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছিল সরকার।