জায়দুল হক সোহেল, ইতালি
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ইতালিতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইতালি বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ প্রবাসী জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা দেশে পুনরায় আগুন সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
![]()
ইতালি বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান কামরুলের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।
বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, তিনি দেশের মানুষের বিশ্বাস, আশা-আকাঙ্ক্ষা ও অগ্রযাত্রার প্রতীক। তারেক রহমান সবার নয়নের মণি ও আগামী দিনের নক্ষত্র; তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ ও প্রবাসীরা আজ নতুন অগ্রযাত্রার স্বপ্ন দেখছে।
![]()
আলোচনা সভায় বক্তারা বিগত ফ্যাসিবাদী শাসনামলের নানা কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, একটি মহল দেশ ছেড়ে পালিয়ে গিয়েও পুনরায় অপকর্ম ও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এ ধরনের অপশক্তিকে বাংলাদেশের মাটিতে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করার জন্য ইতালি বিএনপির পক্ষ থেকে সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়। পাশাপাশি যুবদলের পক্ষ থেকেও দেশে আগুন সন্ত্রাসের চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে ইতালি বিএনপির সিনিয়র নেতাদের কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হোসেন দিপু, অ্যাডভোকেট কামরুজ্জামান জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মোল্লা ও আল আমিন বিশ্বাস, যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান, রোম মহানগর বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান শিকদার, জিয়া সাইবার ফোর্সের সভাপতি সাব্বির আহমেদ, নারী নেত্রী লায়লা শাহ এবং জহুরা ইশিতা।
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জিয়া পরিষদ, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম এবং মানিকগঞ্জ, শরীয়তপুর, নরসিংদী, বরিশাল, কুমিল্লা ও ফেনী জেলা বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।