দেশের বাজারে টানা দুই দফা বাড়ার পর এবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। বুধবার (২৫ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়, যা আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
অলঙ্কার বেচাকেনার নিয়মাবলি প্রসঙ্গে বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের (বদল) ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের (বিক্রি) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
এর আগে সবশেষ গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দরে ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকায় বিক্রি হচ্ছিল।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৬৭ দফা, কমানো হয়েছে ৭৭ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৯২৫ টাকায় বেচাকেনা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮০ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ৩৬ দফা দাম বেড়েছে এবং ৪৪ দফা কমেছে। গত ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার, যেখানে দাম বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।