বার্জার পেইন্টস গ্রুপের নতুন বিনিয়োগ, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়নের আরেক ধাপ এগিয়ে
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং Jenson & Nicholson Packaging Limited-এর মধ্যে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভূমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ৬.৩৪ একর জমিতে প্রায় ১৩.৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৬০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
দেশের শীর্ষস্থানীয় রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ-এর অঙ্গপ্রতিষ্ঠান Jenson & Nicholson Packaging Limited এই প্রকল্পে উচ্চমানের প্লাস্টিক ও মেটাল প্যাকেজিং সামগ্রী উৎপাদন করবে। পাশাপাশি বার্জার পেইন্টসের ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যও এখানে তৈরি হবে, যা উৎপাদন প্রক্রিয়াকে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলবে।
এর আগে বার্জার পেইন্টসও জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৪০ একর জমি বরাদ্দ পেয়েছে। সেখানে কোম্পানিটির নতুন উৎপাদন কেন্দ্রের কার্যক্রম শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। নতুন এই বিনিয়োগ বার্জার পেইন্টস গ্রুপের শিল্প সম্প্রসারণ পরিকল্পনায় আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
শিল্প খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর উৎপাদন এবং স্থানীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। Jenson & Nicholson Packaging Limited-এর এই বিনিয়োগ দেশের শিল্পায়নের ধারাবাহিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।