দেশের কৃষি উৎপাদন বাড়ানো, গ্রামীণ অর্থনীতির কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্যনিরাপত্তা জোরদার এবং পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।
এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, যুগ্ম পরিচালক মো. সাখাওয়াত হোসেন ও সহকারী পরিচালক মো. রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই বিজনেস মনিরুল ইসলাম এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এগ্রিকালচার বিজনেস ইউনিট শেখ আসাদুল হক।
বাংলাদেশ ব্যাংকের এ স্কিমের আওতায় কৃষি ও পল্লী খাতে অর্থায়নের পরিধি বাড়ানোর মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার, খাদ্যনিরাপত্তা জোরদার এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনঃঅর্থায়ন স্কিমের ফলে কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা এবং পল্লী অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীরা তুলনামূলক সহজ শর্তে অর্থায়নের সুযোগ পাবেন। এর মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ বাড়ার পাশাপাশি উৎপাদন ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।![]()