যুক্তরাষ্ট্রের আরোপ করা ৫০ শতাংশ শুল্কের পাল্টা জবাব হিসেবে মার্কিন পণ্যে সমপরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে।
অটোয়ায় দেওয়া ঘোষণায় কার্নি বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া ইস্পাত, দুগ্ধপণ্য, বৈদ্যুতিক সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি, কাগজ ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যে নতুন শুল্ক বসানো হবে। তার ভাষায়, কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসাকে সুরক্ষা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর আওতায় রয়েছে অ্যালকোহল, আসবাব, দুগ্ধপণ্য, সিমেন্ট, পোশাক, মাছ ধরার সরঞ্জাম এবং হকি খেলার সামগ্রী। এসব পণ্য যুক্তরাষ্ট্রে কানাডার মোট রফতানির প্রায় ৫ দশমিক ৫ শতাংশের সমান।
মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনার শুরুতে কিছু অগ্রগতি হলেও সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন এমন কিছু নতুন শর্ত দিয়েছে, যা কানাডার দৃষ্টিতে অর্থনৈতিকভাবে অযৌক্তিক ও অন্যায্য। এসব শর্ত ভবিষ্যৎ বাণিজ্য চুক্তির সুবিধা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের শুল্কে ক্ষতিগ্রস্ত কানাডীয় শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য সরকার বিশেষ সহায়তা কর্মসূচি চালু করবে। এ বিষয়ে আগামী সপ্তাহে বিস্তারিত ঘোষণা দেওয়া হতে পারে।
উত্তর আমেরিকার দুই বৃহৎ বাণিজ্য অংশীদারের মধ্যে এই পাল্টাপাল্টি শুল্ক আরোপ নতুন করে বাণিজ্য উত্তেজনা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ইস্পাত, উৎপাদনশিল্প ও কৃষি খাতের সরবরাহ শৃঙ্খলে এর প্রভাব পড়তে পারে।