তৈরি পোশাক খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে তৈরি হওয়া সমস্যা দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বঙ্গভবনে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আশ্বাস দেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধিদলটি পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন সমস্যা ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ রাষ্ট্রপতির কাছে তুলে ধরে। এসব সংকট দ্রুত সমাধানে তারা রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধিদলের বক্তব্য শুনে রাষ্ট্রপতি বলেন, পোশাক খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করতে সরকার কাজ শুরু করেছে। এ শিল্পের সম্ভাবনা ধরে রাখা এবং বিদ্যমান সমস্যা সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পোশাকশিল্পের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ২৫তম ‘বাটেক্সপো ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায় বিজিএমইএ। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।![]()