বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী ৫ সেপ্টেম্বর একটি দল লং মার্চের নামে কর্মসূচি ঘোষণা করেছে। তবে এই কর্মসূচি তাদের রাজনৈতিক গন্তব্য নয়, বরং ‘বেহেশতের দিকে যাত্রা’ হবে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থানা বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির হাজারো নেতাকর্মী কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেকে জীবন দিয়েছেন। সেই দীর্ঘ আন্দোলন ও ত্যাগের ফলেই জনগণের ভোটে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে দিনরাত কাজ করছেন এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়, বরং রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনর্গঠনের একটি রূপরেখা। ইতোমধ্যে এর বিভিন্ন দফা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্যে গয়েশ্বর অভিযোগ করেন, একটি মহল সংসদকে অকার্যকর করে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য গণতন্ত্রকে দুর্বল করে আবারও ফ্যাসিবাদী শাসনের পথ সুগম করা। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ৩১ দফা শুধু বিএনপির কর্মসূচি নয়; এটি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তির অভিন্ন অঙ্গীকার। তারেক রহমানের নেতৃত্বে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য ধরে রেখেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সব গণতন্ত্রকামী দলকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।
সভায় নাজিমুদ্দিন মাস্টারসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় বিএনপির রাজনৈতিক আন্দোলন, রাষ্ট্র সংস্কার এবং দলীয় ৩১ দফা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও বক্তব্য দেন নেতারা।![]()