রাজধানীর বাড্ডা থানা এলাকায় প্রায় ২১ কোটি টাকা বাজারমূল্যের ১৪ দশমিক ৬ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ডেমরা রাজস্ব সার্কেল বৃহস্পতিবার অভিযান চালিয়ে অবৈধ দখলমুক্ত করে জমিটি সরকারের নিয়ন্ত্রণে নেয়।
ঢাকা জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া জমিটি বাড্ডার উত্তর নন্দীপাড়া মৌজায় অবস্থিত। এটি আফতাবনগরের ইস্টার্ন হাউজিংয়ের ‘এম’ ব্লকের ২ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কে অবস্থিত এবং কোম্পানিটির প্রণীত লেআউট প্ল্যানের ভেতরেই সরকারি খাসজমিটি অন্তর্ভুক্ত ছিল।
অভিযান চলাকালে জমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। পরে সরকারি মালিকানা নির্দেশ করে সাইনবোর্ড স্থাপন করা হয় এবং জমিটি জেলা প্রশাসনের আনুষ্ঠানিক নিয়ন্ত্রণে নেওয়া হয়। অভিযানে ডেমরা রাজস্ব সার্কেলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় অবৈধ দখল উচ্ছেদ এবং খাসজমি উদ্ধারের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।![]()