আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় সব ধরনের রাইড-শেয়ারিং সেবা বন্ধের ঘোষণা দিয়েছে উবার। ১২ বছর ব্যবসা পরিচালনার পর কোম্পানিটি দেশটির বাজার থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে।
গ্রাহকদের পাঠানো এক বার্তায় সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকে দেশটিতে উবারের সব সেবা বন্ধ হয়ে গেছে।
উবারের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার রাইড-শেয়ারিং বাজারে প্রতিযোগিতা তীব্র হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি এবং স্থানীয় মুদ্রা নাইরার অবমূল্যায়নের ফলে পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এতে চালক ও প্ল্যাটফর্ম—উভয়ের ওপরই আর্থিক চাপ তৈরি হয়েছে।
২০১৪ সালে লাগোস শহরে যাত্রা শুরু করে উবার দ্রুত আবুজাসহ দেশের বিভিন্ন বড় শহরে সেবা সম্প্রসারণ করে। তবে প্রতিষ্ঠানটি কতজন চালক ও যাত্রী এ সিদ্ধান্তে প্রভাবিত হবেন, সে বিষয়ে কোনো সংখ্যা প্রকাশ করেনি।
নাইজেরিয়ার পাশাপাশি আফ্রিকার আরেক দেশ উগান্ডাতেও উবার ইতোমধ্যে তাদের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করেছে। বিশ্লেষকদের মতে, আফ্রিকার বাজারে বাড়তি পরিচালন ব্যয় ও স্থানীয় প্রতিযোগিতার কারণে বৈশ্বিক রাইড-শেয়ারিং কোম্পানিগুলোর জন্য ব্যবসা পরিচালনা ক্রমেই কঠিন হয়ে উঠছে।![]()