ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের কর্মী পরিচয়ে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। গতকাল দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ অভিযোগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগও করেছেন বলে জানা গেছে।
বাঁধন বর্তমানে ভেনিসে রয়েছেন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। গত রোববার উৎসবে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এবারের উৎসবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র এটি।
হামলার অভিযোগের সঙ্গে কয়েকটি ভিডিও ক্লিপও প্রকাশ করেছেন বাঁধন। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে তার সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায়। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর চড়াও হন। এ সময় তার মোবাইল ফোন ছুড়ে ফেলা হয়। সঙ্গে থাকা তার ভাইয়ের শিশুসন্তানও ঘটনাটি প্রত্যক্ষ করে।
বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং ওই দৃশ্য ভিডিও করেন। তাকে গালাগালও করা হয়। একই সঙ্গে তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হেনস্তা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া সিনেমাটির পরিচালক রুবাইয়াত হোসেনের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি রুবাইয়াতের সঙ্গে কাজ করছেন—এ কারণেই তাকে হেনস্তার শিকার হতে হয়েছে বলে ইঙ্গিত দেন অভিনেত্রী।
বাঁধন বলেন, তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেয়া হয়েছে। এ ধরনের ঘটনায় তিনি দমে যাবেন না বলেও জানান। একই সঙ্গে ঘটনাটি আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌঁছে দেয়ার কথাও বলেন তিনি। সজীব ওয়াজেদ জয় বর্তমানে ভেনিসে রয়েছেন বলে উল্লেখ করেন বাঁধন।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন বাঁধন। সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশী-বিদেশী বিভিন্ন গণমাধ্যমেও বক্তব্য দেন তিনি।
জানা গেছে, ঘটনার বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন অভিনেত্রী। তবে অভিযোগে যাদের বিরুদ্ধে হামলার কথা বলা হয়েছে, তাদের পক্ষ থেকে কিংবা ভেনিসে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
আন্তর্জাতিক অঙ্গনে বাঁধনের পরিচিতি বাড়ে ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়া বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অন্যদিকে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রিমিয়ারের পর আন্তর্জাতিক সমালোচকদের প্রশংসা পেয়েছে। সিনেমাটিতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।