শিশুদের ছোটবেলা থেকেই সঞ্চয়, দায়িত্বশীল ব্যয় ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিতে পাপেট শো চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকটির দাবি, দেশে আর্থিক সাক্ষরতা নিয়ে শিশুদের জন্য এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। গল্প ও বিনোদনের মাধ্যমে বয়স উপযোগী আর্থিক শিক্ষা শিশুদের কাছে সহজভাবে তুলে ধরাই এ কার্যক্রমের লক্ষ্য।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গতকাল রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন।
প্রাইম ব্যাংক জানিয়েছে, চরিত্রনির্ভর ও সহজবোধ্য গল্পের মাধ্যমে পাপেট শোর বিভিন্ন পর্বে সঞ্চয়, দায়িত্বশীল ব্যয়, অর্থ ব্যবস্থাপনা ও ব্যাংকিংয়ের মতো মৌলিক বিষয় শিশুদের সামনে তুলে ধরা হবে। আর্থিক সাক্ষরতাকে কঠিন কোনো পাঠ হিসেবে না দেখিয়ে শিশুদের দৈনন্দিন জীবনের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানে মো. ইকবাল মহসীন বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তি কোনো দাতব্য বিষয় নয়; বরং অর্থনীতিকে আরো অন্তর্ভুক্তিমূলক করে তোলার দায়িত্ব। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে পাপেট শোর মাধ্যমে আর্থিক সাক্ষরতার প্রচলন ঘটিয়ে প্রাইম ব্যাংক অনুকরণীয় উদ্যোগ নিয়েছে। এ ধরনের উদ্ভাবনী পদ্ধতি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করতে পারে।’
তিনি প্রাইম ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ও ‘এমপাওয়ারিং ইয়ুথ’ উদ্যোগেরও প্রশংসা করেন।
প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বিকাল ৫টায় প্রাইম ব্যাংকের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মে পাপেট শোর পর্বগুলো প্রচার করা হবে। প্রতিটি পর্বে শিশুদের বয়স উপযোগী আর্থিক ধারণা সহজ ও আনন্দদায়কভাবে তুলে ধরা হবে। এর মাধ্যমে শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী। তিনি বলেন, ‘অর্থবহ আর্থিক অন্তর্ভুক্তির জন্য আর্থিক সাক্ষরতা একটি অপরিহার্য ভিত্তি। শুধু ব্যাংকিং সেবার প্রবেশাধিকার নিশ্চিত করাই যথেষ্ট নয়; এসব সেবা সচেতন ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য প্রয়োজন জ্ঞান, আত্মবিশ্বাস ও দক্ষতা।’
শিশু ও তরুণদের কাছে আর্থিক সাক্ষরতাকে সহজলভ্য করতে স্টুডেন্ট ব্যাংকিং, ক্যাম্পাসভিত্তিক আর্থিক শিক্ষা এবং পাপেট শোর মতো উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান, হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদসহ অংশীদার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।![]()