আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই দেশের পাঁচটি স্থানে চালু হতে যাচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় নির্মিত এই পাঁচটি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা এই হাসপাতালগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে এবং রাজধানীমুখী নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে এরই মধ্যে ১ হাজার ৪৪০টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক ও সহকারী পরিচালক পদে ৫টি করে, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং মেডিকেল অফিসার পদে ৩২৫ জনকে রাখা হয়েছে। এ ছাড়া আবাসিক চিকিৎসক, সার্জন, ডেন্টাল সার্জন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেসথেটিস্টের পর্যাপ্ত পদ সৃষ্টি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পাঁচটি হাসপাতালে উপপরিচালক পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদায়নকৃত কর্মকর্তারা হলেন—রাজশাহী শিশু হাসপাতালে ডা. মো. বেলাল হোসেন, বরিশালে ডা. মো. মজিবর রহমান, রংপুরে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লায় ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলী। তাঁদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত এই হাসপাতালগুলোতে বড় পরিসরের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা থাকছে। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রেখেই অবকাঠামো তৈরি করা হয়েছে। এরই মধ্যে আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, কার্ডিয়াক মনিটর ও ফটোথেরাপি মেশিনসহ ২০০ শয্যার হাসপাতালের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে অব্যবহৃত পড়ে থাকা শিশু হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত এরপরই এগুলো চালুর তোড়জোড় শুরু হয়। গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছিলেন, বছরের শেষ দিকে ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী একযোগে এই পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতালের উদ্বোধন ঘোষণা করবেন।