জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার রাজধানীর গুলিস্তানে দলটির প্রধান কার্যালয় থেকে ২৮৯ জনকে আটক করেছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে যাচাই-বাছাই শেষে ২৭ জন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার বেলা আড়াইটার দিকে গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সেখানে গোপন বৈঠক চলছিল এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল। কার্যালয়ে বহিরাগতদের অবস্থানের তথ্যও পাওয়া যায় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম জানিয়েছিলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে আইনি প্রক্রিয়া নেওয়া হবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে বৈঠক চলার সন্দেহে ক্রাইম ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছিল পুলিশ।![]()