দেশের অন্যতম জনপ্রিয় কর্পোরেট ও তারুণ্যনির্ভর আয়োজন ‘রাইজ অ্যাবাভ অল’-এর ১০ বছরের বর্ণাঢ্য যাত্রায় প্রথমবারের মতো এক মঞ্চে যুক্ত হচ্ছেন বাংলাদেশে কর্মরত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাঁচজন তুর্কি পেশাজীবী। ‘মাস্টারকার্ড প্রেজেন্টস রাইজ অ্যাবাভ অল ১০এক্স পাওয়ার্ড বাই এমটিবি’-এর এবারের দশম আসরে ‘টার্কিশ আড্ডা’ (Turkish Adda) শীর্ষক এক বিশেষ সেশনে নিজেদের বৈশ্বিক অভিজ্ঞতা ও নেতৃত্বের গল্প তুলে ধরবেন তাঁরা। বিশেষ এই সেশনটির পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে আইগ্যাজ ইউনাইটেড।
আয়োজক সূত্রে জানা গেছে, ব্যতিক্রমী এই আলোচনা পর্বটি সঞ্চালনা করবেন টার্কিশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে। সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন আইগ্যাজ ইউনাইটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হারুন ওরতাস, কোকা-কোলা সিসিআই বাংলাদেশের হেড অব কমার্শিয়াল গোখান বুইরুক, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর (টেকনোলজি অ্যান্ড ইনোভেশন) হাকান আলতিনিসিক এবং আসেলসানের কান্ট্রি ডিরেক্টর ইউসুফ এরদেম।
বিশ্বজুড়ে যোগাযোগ স্থাপন, ব্যবসায়িক প্রবৃদ্ধি, ভোক্তা অভিজ্ঞতায় নতুনত্ব আনা এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে নেতৃত্ব দেওয়া এই পাঁচ তুর্কি নির্বাহী তাঁদের আন্তর্জাতিক ক্যারিয়ারের বহুমুখী দৃষ্টিভঙ্গি দর্শকদের সামনে উপস্থাপন করবেন।
‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম সংস্করণে এই বিশেষ ‘টার্কিশ আড্ডা’ দেশের তরুণ পেশাজীবী, উদ্যোক্তা ও কর্পোরেট অঙ্গনের জন্য বৈশ্বিক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক কর্মসংস্কৃতি সম্পর্কে জানার এক অনন্য সুযোগ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।