ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে ৭ হাজার ২৪৫ কোটি টাকার অর্থায়ন অনুমোদন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে ৫০০ কোটি টাকা এবং কুটির ও ক্ষুদ্র উদ্যোগ খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে ৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে।
শনিবার পিকেএসএফ ভবন-১-এ সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় এসব অর্থায়ন অনুমোদন করা হয়। সভার সিদ্ধান্তের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পিকেএসএফের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ৫ হাজার কোটি টাকার ঋণ কুটির ও ক্ষুদ্র উদ্যোগ খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা হবে। প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, সেবা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন ভ্যালু চেইন কার্যক্রমে এ অর্থায়ন দেওয়া হবে।
কম আয়ের মানুষের দক্ষতা ও উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ব্যবসা ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণে অর্থায়ন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।![]()
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ৫০০ কোটি টাকার একটি বিশেষ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ অর্থায়ন কর্মসূচিও অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। সরকারের বরাদ্দের আওতায় ‘সৌর শক্তি’ নামে এ কর্মসূচির জন্য বিশেষ ঋণনীতিও অনুমোদন করা হয়েছে।
কর্মসূচির আওতায় পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে গ্রাহকদের ৬ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। এ অর্থায়নের মাধ্যমে বিভিন্ন স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে আরও প্রায় ২ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছে। ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ, সাধারণ সেবা, অতিদরিদ্র জনগোষ্ঠী, কৃষিসহ বিভিন্ন খাতে এ অর্থায়ন দেওয়া হবে।
পিকেএসএফের এ উদ্যোগের মাধ্যমে একদিকে ক্ষুদ্র ও কুটির শিল্পে নতুন বিনিয়োগ ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়বে, অন্যদিকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।![]()