যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক নির্বাহীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত জোনাথন ম্যাককিনসির শ্বশুর-শাশুড়িকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে দ্য নিউইয়র্ক টাইমস।
৪০ বছর বয়সী জোনাথন ম্যাককিনসি নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক ছিলেন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকালে সানফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিনের একটি গাড়ি পার্কিং এলাকায় একাধিক গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।![]()
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জোনাথনের সঙ্গে তার স্ত্রী ক্যান্ডিস ঝাংয়ের বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। ওই মামলার শুনানির তারিখ ছিল ঘটনার এক সপ্তাহ পর। এ ঘটনায় ক্যান্ডিসের বাবা-মাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা তদন্ত করছে।![]()