বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা সুনামগঞ্জের ছাতকে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্লান্ট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম, ক্লিংকার উৎপাদন, টেকসই শিল্পচর্চা ও সামাজিক উদ্যোগ সম্পর্কে অবগত হন।
ছাতক প্লান্টে রাষ্ট্রদূতকে স্বাগত জানান লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইকবাল চৌধুরী। পরে রাষ্ট্রদূত প্লান্টের উৎপাদন প্রক্রিয়া ও ক্লিংকার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি বাংলাদেশের অবকাঠামোগত চাহিদা পূরণে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কৌশলগত প্রকল্প নিয়েও আলোচনা হয়।
উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে গ্যাব্রিয়েল সিসতিয়াগা উদ্ভাবন ও টেকসই শিল্পচর্চায় লাফার্জহোলসিম বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। নিরাপদভাবে বর্জ্য কো-প্রসেসিংয়ের মাধ্যমে সার্কুলার ইকোনমি গড়ে তুলতে প্রতিষ্ঠানটির বিশেষায়িত বর্জ্য ব্যবস্থাপনা শাখা ‘জিওসাইকেল’-এর কার্যক্রম নিয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন।
এ সময় ভারত ও বাংলাদেশকে সংযুক্তকারী ১৭ কিলোমিটার দীর্ঘ ক্রস-বর্ডার কনভেয়ার বেল্ট সম্পর্কেও জানতে চান রাষ্ট্রদূত। এ কনভেয়ার বেল্টের মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে কাঁচামাল সরবরাহ করা হয়।
শিল্প কার্যক্রমের পাশাপাশি ছাতকের প্রত্যন্ত অঞ্চলে লাফার্জহোলসিম বাংলাদেশের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমেরও প্রশংসা করেন স্পেনের রাষ্ট্রদূত। স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যের স্বাস্থ্য ক্লিনিক, প্রাথমিক শিক্ষা ও নারীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচির মতো উদ্যোগগুলোর মাধ্যমে স্থানীয় আর্থসামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন তিনি।
পরিদর্শন প্রসঙ্গে লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও ইকবাল চৌধুরী বলেন, স্পেনের রাষ্ট্রদূতকে ছাতক প্লান্টে স্বাগত জানাতে পেরে তারা সম্মানিত। টেকসই উৎপাদন ব্যবস্থা, সার্কুলার ইকোনমি উদ্যোগ ও সমাজসেবামূলক কার্যক্রমের প্রতি রাষ্ট্রদূতের আগ্রহ প্রতিষ্ঠানটির এসব উদ্যোগকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।![]()