ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যয় ব্যবস্থাপনা, নগদ প্রবাহ নিয়ন্ত্রণ ও ব্যবসা সম্প্রসারণের সুবিধা দিতে ডুয়াল কারেন্সি এসএমই ক্রেডিট কার্ড চালু করেছে ঢাকা ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড। সম্প্রতি এক অনুষ্ঠানে কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডুয়াল কারেন্সি সুবিধার এ কার্ডের মাধ্যমে উদ্যোক্তারা দেশে ও বিদেশে ব্যবসায়িক লেনদেন করতে পারবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ব্যয়সীমা নির্ধারণ এবং ঋণ পরিশোধের সুবিধাও থাকবে। ক্রস-বর্ডার বাণিজ্য ও ব্যবসায়িক ভ্রমণের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো কার্ডটির মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত যোগ্য এসএমই প্রতিষ্ঠানগুলো বিদেশে চলমান বৈধ ব্যবসায়িক পরিচালন ব্যয় মেটাতে এ কার্ডের মাধ্যমে বছরে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত রেমিট্যান্স পাঠাতে পারবে।
কার্ডটির সঙ্গে বিভিন্ন সুবিধাও থাকছে। এর মধ্যে নির্বাচিত আন্তর্জাতিক বিমানবন্দর এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জে বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে। এছাড়া দেশের ১০ হাজারের বেশি মার্চেন্ট লোকেশনে মাস্টারকার্ডের বিশেষ অফার, আন্তর্জাতিক ডিসকাউন্ট, নির্বাচিত হোটেল ও রেস্টুরেন্টে ‘বাই ওয়ান, গেট ওয়ান’ অফার এবং বিনামূল্যে বিমানবন্দর পিক-আপ ও ড্রপ-অফ সেবা পাবেন কার্ডহোল্ডাররা।
কার্ড উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরিয়ান উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক একেএম শাহনেওয়াজ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইমার্জিং মার্কেটস অফিসার মো. মোস্তাক আহমেদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।![]()