বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ দক্ষ জনশক্তি নেয়ার বিষয়েও দেশটির সহযোগিতা চেয়েছেন তিনি।
গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব আহ্বান জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগ নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষের মতে, এসব উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে।
সাক্ষাৎকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত উল্লেখ করেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।![]()