দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে দেখছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। তাঁর ভাষ্য, দর্শকদের এই ভালোবাসার প্রতিদান দিতে তিনি আরও ভালো কাজ করতে চান এবং বিশ্বমঞ্চে বাংলা সিনেমাকে বড় পরিসরে তুলে ধরার স্বপ্ন দেখেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে নিজের দীর্ঘ ক্যারিয়ার, দর্শকদের ভালোবাসা এবং বাংলা সিনেমা নিয়ে ভবিষ্যৎ স্বপ্নের কথা বলতে গিয়ে এসব কথা বলেন শাকিব খান।
দর্শকদের ভালোবাসায় সময় কীভাবে কেটে গেছে, তা বুঝতে পারেননি বলে জানান এই অভিনেতা। শাকিব খান বলেন, ‘বছর কি কারেন্টের গতিতে চলে যায়? সেদিন শুনলাম ২৫ বছর, শুনে অবাক হয়েছিলাম। আসলে অনেক ভালোবাসার মধ্যে থাকলে সময়টা আর বোঝা যায় না।’
দর্শকদের ভালোবাসা তাঁকে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে উল্লেখ করে শাকিব খান বলেন, ‘২৭ বছরে এত ভালোবাসা পেয়েছি যে আমার মাঝে মাঝে মনে হয়, আমাকে আরও অনেক ভালো কাজ করতে হবে, গ্লোবালি আরও অনেক বড় জায়গায় যেতে হবে; শুধুমাত্র তাদের জন্য, যারা আমাকে ভালোবেসে অন্ধের মতো সিনেমা দেখতে চায়।’
বাংলা সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার স্বপ্নের কথাও তুলে ধরেন শাকিব খান। তিনি জানান, তিন থেকে চার বছর আগে একটি ফ্লাইটে সাগর ভাই ও আফজাল ভাইয়ের সঙ্গে কথা বলার সময় নিজের স্বপ্নের কথা তাঁদের জানিয়েছিলেন। পরে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার পর তাঁরা সেই স্বপ্নের কথা মনে রেখে একটি বড় লেখা লিখেছিলেন।![]()
নিজের স্বপ্নের কথা জানিয়ে শাকিব খান বলেন, ‘আমি সবসময় বলতাম, পৃথিবীর সব বড় বড় ইন্ডাস্ট্রির সিনেমার পোস্টারের সঙ্গে মাল্টিপ্লেক্সে অফিশিয়ালি আমাদের বাংলা সিনেমার পোস্টারও দেখতে চাই।’
বাংলা সিনেমার পোস্টার বিশ্বের বড় বড় চলচ্চিত্রশিল্পের সিনেমার পাশে দেখার এই আকাঙ্ক্ষা তাঁর আন্তর্জাতিক স্বপ্নেরই প্রতিফলন। দর্শকদের ভালোবাসাকে পুঁজি করে আরও ভালো কাজ করা এবং বাংলা সিনেমাকে বিশ্বদরবারে পরিচিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই অভিনেতা।![]()