বাংলাদেশে কার্যরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর সম্মিলিত নিট মুনাফা ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে ৩৮ শতাংশ কমে ২ হাজার ৩২১ কোটি টাকায় নেমেছে। আগের ছয় মাস, অর্থাৎ ২০২৫ সালের জুলাই-ডিসেম্বরে ব্যাংকগুলোর সম্মিলিত নিট মুনাফা ছিল ৩ হাজার ৭৩৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মুনাফা কমার পেছনে বৈদেশিক বাণিজ্যে দুর্বলতা এবং আয় বাড়ানোর সীমিত সুযোগকে দায়ী করেছে বাংলাদেশ ব্যাংক। আগের ছয় মাসের তুলনায় ব্যাংকগুলোর নিট মুনাফা কমেছে ১ হাজার ৪১৭ কোটি টাকা। ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ের ২ হাজার ৮১৫ কোটি টাকার তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে মুনাফা কমেছে প্রায় ১৭ দশমিক ৫ শতাংশ।
মুনাফায় বড় ধরনের পতন হলেও ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতি শক্তিশালী রয়েছে। জুন শেষে দেশে কার্যরত নয়টি বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার ছিল ৪১ দশমিক ২১ শতাংশ। তবে একই সময়ে খেলাপি ঋণের হার বেড়ে ৬ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের জুনে ছিল ৬ দশমিক ১ শতাংশ।
বাংলাদেশের ব্যাংকিং খাতে বিদেশি ব্যাংকগুলোর আমানত ও ঋণের অংশ তুলনামূলকভাবে সীমিত হলেও আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি-রপ্তানি অর্থায়ন এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে ব্যাংকগুলো দেশের রপ্তানি আয় বাবদ ৩৯৫ কোটি ডলার গ্রহণ করেছে, যা মোট রপ্তানি আয়ের ১৮ দশমিক ৬ শতাংশ। একই সময়ে আমদানি পরিশোধে তাদের মাধ্যমে লেনদেন হয়েছে ৪৬২ কোটি ডলার।