বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও সরকারের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু ও মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বাসায় ফিরেছেন। অন্যদিকে, স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মঈন খানকে দেখতে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গত বুধবার রাতে শ্বাসকষ্ট ও হৃদ্যন্ত্রের সমস্যা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। বৃহস্পতিবার সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মঈন খানের শারীরিক অবস্থা আগের দিনের তুলনায় স্থিতিশীল। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গত বুধবার অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রক্তশূন্যতার কারণে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে তাঁকে রাজশাহী থেকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী নাজমুল হক ডিকেন।
অন্যদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বুধবার রাতে অসুস্থ বোধ করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরের পর তিনি বাসায় ফেরেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মিন্টু জানান, অসুস্থ বোধ করায় হাসপাতালে গিয়েছিলেন, তবে বিষয়টি তেমন গুরুতর ছিল না। বর্তমানে তিনি ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।
তিন মন্ত্রীর পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে তাঁদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
![]()