আন্তর্জাতিক মানদণ্ডে ভাষা ও মূল্যায়ন সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ “বেস্ট পারফরমার অ্যাওয়ার্ড – মাল্টি লেভেল টেস্টিং” অর্জন করেছে ইংলিশোলজি (Englishology)। সম্প্রতি ঢাকার আইবিএ অ্যালামনাই ক্লাবে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট কর্তৃক আয়োজিত বার্ষিক ‘সিইএম মিট-আপ ২০২৬’ (CEM Meet Up 2026)-এ এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে দেশজুড়ে ক্যামব্রিজ ইংলিশ যোগ্যতার পরিধি বৃদ্ধি, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন, নতুন প্রিপারেশন সেন্টারসমূহের ক্ষমতায়ন এবং অংশীদারদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর আলোকপাত করা হয়। দিনব্যাপী এই নেটওয়ার্কিং ও মতবিনিময় সভায় বিভিন্ন সেন্টারের সেন্টার এক্সাম ম্যানেজাররা অংশ নেন।
অনুষ্ঠানে ইংলিশোলজির প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট লিড সাবিহা আশালতা, বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মারুফউজ্জামান রিমন এবং মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার জাহিদ হাসান। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্যামব্রিজ সেন্টার এক্সাম ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।
![]()
সম্মাননা গ্রহণের পর ইংলিশোলজি প্রতিনিধি দল ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. বদরুদ্দোজা এবং মার্কেটিং ম্যানেজার রাজগীর দেওয়ানের প্রতি তাদের নিরবচ্ছিন্ন সহায়তা ও চমৎকার আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইংলিশোলজির প্রতিনিধিরা জানান, এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল একটি পুরস্কার নয়, বরং শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার প্রতীক। পরীক্ষার আন্তর্জাতিক মান ও স্বচ্ছতা বজায় রেখে শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় যুক্ত করতে ইংলিশোলজি ভবিষ্যতেও ক্যামব্রিজের সাথে একযোগে কাজ করে যাবে।