দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে বিজিবির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে এই বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
মোতায়েনকৃত বিজিবির মধ্যে সর্বোচ্চ ৫৬ প্লাটুন রয়েছে গোপালগঞ্জে। এ ছাড়া ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন এবং গাজীপুরে ১৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। অন্য জেলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি মাঠে রয়েছে। এর পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।
বিজিবি জানায়, সংশ্লিষ্ট জেলাগুলোর শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে লাইভ ফুটেজ সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্তরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।