কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে নতুন করে সহিংসতা ও নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে কঠোর গোয়েন্দা নজরদারির আওতায় রাখা হয়েছে। একই সঙ্গে সহিংসতার পরিকল্পনা, উসকানি ও অর্থায়নের নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে জোর তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উদ্ভূত পরিস্থিতিতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কোম্পানি কমান্ডারকে আটক করা হয়েছে। আটককৃত আবুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় এসআরবির ভৈরব কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। পুলিশের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় তাঁর সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আটকের আগে তাঁকে এসআরবি-১১ এবং ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সংশ্লিষ্ট সূত্রমতে, তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হবে।
কেবল এসআরবি সদস্যই নন, গোপালগঞ্জ ও এর আশপাশের এলাকার বাসিন্দা এমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য কর্মকর্তাদের কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে ঢাকা রেঞ্জে সংযুক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে যৌথবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে মঙ্গলবার দেশের আটটি জেলায় মোট ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। বিজিবি মোতায়েন করা অপর জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।