বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা: এক ছাদের নিচে ৪৫টিরও বেশি দেশের বিশ্ববিদ্যালয়
স্টাফ রিপোর্টার
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৬’। বিশ্বমানের আয়োজনের উপযোগী অবকাঠামো, বিশাল পরিসর ও আধুনিক সুযোগ-সুবিধার কারণে মেলাটি শিক্ষার্থী, অভিভাবক এবং আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয়েছে।
আইসিসিবির গুলনকশা হলে আয়োজিত তিন দিনব্যাপী এই মেলার শুক্রবার ছিল দ্বিতীয় দিন। সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকদের ছিল উপচে পড়া ভিড়। আয়োজকদের তথ্য অনুযায়ী, দিনভর প্রায় ১০ হাজার শিক্ষার্থী ও অভিভাবক মেলায় অংশ নিয়ে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে উচ্চশিক্ষা, স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া ও ভিসাসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
গত বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলায় ৩৫টি দৃষ্টিনন্দন স্টলে ৪৫টিরও বেশি দেশের ২ হাজার ৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। একই ছাদের নিচে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় সম্পর্কে সরাসরি তথ্য জানার সুযোগ পাচ্ছেন আগ্রহীরা।
মেলার অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে স্কলারশিপ ও ভর্তি পরামর্শ, ভাষা পরীক্ষাবিষয়ক তথ্য, ভিসা গাইডলাইন এবং ক্যারিয়ার কাউন্সেলিং। পাশাপাশি ইউরোপিয়ান, মালয়েশিয়ান ও ইউকে এডুকেশন এক্সপোর জন্য পৃথক প্যাভিলিয়ন, বিটুবি (বি-টু-বি) বিজনেস ডিল এবং নেটওয়ার্কিং সেশনেরও আয়োজন করা হয়েছে। আয়োজকদের মতে, আইসিসিবির আধুনিক ও সুপরিসর অবকাঠামোর কারণেই এত বড় পরিসরের আন্তর্জাতিক আয়োজন নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হচ্ছে।
মেলা ঘুরে দেখা যায়, প্রতিটি স্টলেই শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি। কেউ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় সম্পর্কে তথ্য নিচ্ছেন, আবার কেউ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি ও ভর্তির শর্ত সম্পর্কে বিস্তারিত জানছেন। বিদেশে পড়াশোনার আর্থিক সহায়তার বিষয়েও পরামর্শ দিতে মেলায় অংশ নিয়েছে কয়েকটি ব্যাংক।
তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আইসিসিবির মতো আন্তর্জাতিক মানের ভেন্যুতে একসঙ্গে এত দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। এতে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া রহমান বলেন, এক জায়গায় বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি তথ্য পাওয়ায় উচ্চশিক্ষা নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে সুবিধা হচ্ছে।
এনসিসি ব্যাংকের কর্মকর্তা মেহেদি ইসলাম জানান, শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ব্যয় নির্বাহে সহজ শর্তে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে।
ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব বলেন, শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি প্রমাণ করে বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশের তরুণদের আগ্রহ দিন দিন বাড়ছে। আর প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব ইভেন্টস অ্যান্ড সেলস আশিকুর রহমান তানভীর জানান, তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষামেলার শেষ দিন আজ (শনিবার)। আগ্রহীরা রাত ৮টা পর্যন্ত মেলায় এসে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।