ট্রাস্ট ব্যাংকের ২৭তম এজিএমে ১৩ শতাংশ লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্রাস্ট ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এজিএমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মো. হোসেন আল মোর্শেদের সভাপতিত্বে শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদন করেন।
সভায় ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব, নিরীক্ষা প্রতিবেদন, পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নির্বাচন, ভ্যাট কমপ্লায়েন্স, নিরীক্ষক নিয়োগ এবং তাঁদের পারিশ্রমিক নির্ধারণের প্রস্তাবও অনুমোদিত হয়।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় ডিজিটাল মাধ্যমে শেয়ারহোল্ডারদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং ব্যাংকের আয়-ব্যয় ও আর্থিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।
সভায় অংশ নেওয়া বিনিয়োগকারীরা ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের আরও সম্প্রসারণ এবং ভবিষ্যতে লভ্যাংশ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। এজিএম পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব উন্মেষ রায় হিমেল।