ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা
ইতালি প্রতিনিধি
ইতালির আরেজ্জো সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক ও নবনির্বাচিত কাউন্সিলার রাসেল আহমেদকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ইতালীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব আব কারিম ও এনাইয়া আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেজ্জো সিটি কর্পোরেশনের মেয়র মারচেল্লো কমানদোচ্ছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমুনি দি আরেজ্জোর ভাইস সিন্দাকো ফ্রানচেস্কো গামুররিনি।
এছাড়া অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে জন পাল (রাজীব), জামাল কাসেম, নিয়াম উল্লাহ, মনিরুজ্জামান, আল আমিন খন্দকার, সোহরাব আহমেদ, রুবেল আহমেদ, ফরহাদ, কলি আহমেদ, সাদেকুর রহমান, এহসান উল হক, জালাল আহমেদ, আসাদুজ্জামান লিটন, মিয়া সোহাগসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।![]()
সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র মারচেল্লো কমানদোচ্ছি বলেন, বাংলাদেশি কমিউনিটি ইতালির অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংবর্ধনার জবাবে নবনির্বাচিত কাউন্সিলার রাসেল আহমেদ বলেন, “আমি একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। শুধু বাংলাদেশিদের নয়, সব দেশের অভিবাসীদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই। মানুষের সেবাই আমার মূল লক্ষ্য।”![]()
তিনি আরও বলেন, আরেজ্জো শহরের উন্নয়ন এবং বহুজাতিক কমিউনিটির কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ জন্য তিনি সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাসেল আহমেদের এই বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্যও গর্বের একটি মাইলফলক। পরে আরেজ্জোর বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।![]()