ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে সহজ, নিরাপদ ও স্বচ্ছ ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া, বাংলাদেশ ব্যাংকের শরীআহ সুপারভাইজরি বোর্ডের সদস্য শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
সভায় বাংলা কিউআর নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসীম। এ সময় ব্যাংকের সুপারভাইজরি কমিটির সদস্য ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আর্থিক লেনদেনেও পরিবর্তন এসেছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এ পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি। বাংলা কিউআরের মতো সহজ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আরও স্বচ্ছ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে আর্থিক লেনদেন পরিচালনা করতে পারে।
ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আধুনিক, নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে আলেম-উলামা ও ধর্মীয় নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, বাংলাদেশ ধারাবাহিকভাবে ডিজিটাল রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের আর্থিক ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে ডিজিটাল লেনদেনের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বাংলা কিউআরের আওতায় আনা গেলে বৃহৎ জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে।
সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন বলেন, অনেক চ্যালেঞ্জের মধ্যেও ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ও সহযোগিতায় এগিয়ে চলছে। গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংক কাজ করছে।