বিশেষ প্রতিবেদক: বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতের টেকসই উন্নয়ন এবং সরকারি-বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাতীয় প্ল্যাটফর্ম ‘ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টার’ (টিটিডিসি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
এ উপলক্ষে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, পর্যটন ও আতিথেয়তা খাতের উদ্যোক্তা, এভিয়েশন সংশ্লিষ্ট ব্যক্তি এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, এনডিসি।
অনুষ্ঠানে টিটিডিসির নির্বাহী কমিটির সদস্য সাদিয়া হক ‘বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতের বর্তমান পরিস্থিতি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে দেশের পর্যটন ও সংশ্লিষ্ট খাতগুলোর সম্ভাবনা ও সুযোগের পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও কার্যকর করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।
পরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সম্পাদক ইনাম আহমেদ, গ্যালাক্সি গ্রুপের প্রেসিডেন্ট আহমেদ ইউসুফ ওয়ালিদ এবং আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার।
আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের পর্যটন খাতে সম্ভাবনা থাকলেও অবকাঠামো, সেবার মান, বিনিয়োগ পরিবেশ, নীতি সমন্বয় এবং বিভিন্ন অংশীজনের মধ্যে কার্যকর যোগাযোগের ঘাটতি রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন বাজারে আরও প্রতিযোগিতামূলক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে অবকাঠামো উন্নয়ন, পর্যটনসেবার মান বাড়ানো, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং একটি শক্তিশালী সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন আলোচকরা।
অনুষ্ঠানের শুরুতে টিটিডিসির নির্বাহী কমিটির সদস্য শাহিদ হামিদ, এফআইএইচ স্বাগত বক্তব্য দেন। পরে নবগঠিত প্ল্যাটফর্মটির লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন টিটিডিসির প্রেসিডেন্ট কাজী ওয়াহিদুল আলম। কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
টিটিডিসির নির্বাহী কমিটির সদস্য ও লঞ্চিং কমিটির চেয়ারম্যান নাসের রহমান, এমপি বলেন, দেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন সম্ভাবনা তৈরিতে সরকার ও শিল্প খাতের সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার জন্য টিটিডিসি একটি কাঠামোবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।
তিনি বলেন, নীতিনির্ধারণী সংলাপ, জ্ঞান বিনিময়, শিল্প খাতের মধ্যে সহযোগিতা এবং অ্যাডভোকেসির ক্ষেত্রে টিটিডিসি কাজ করবে। একই সঙ্গে পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
নবগঠিত প্ল্যাটফর্মটির অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতের টেকসই বিকাশে অবদান রাখা এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের পর্যটন সম্ভাবনাকে আরও কার্যকরভাবে তুলে ধরা। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিত উদ্যোগ বাড়াতে টিটিডিসি একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখতে পারে।![]()