বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকায় এসেছে ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। ১৭ থেকে ১৯ আগস্ট তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করবে ১৪ সদস্যের প্রতিনিধিদলটি।
সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে আসা প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন। প্রতিনিধিদলে ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো, ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি, অ্যাপোলো হাসপাতাল ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনের প্রতিনিধিরা রয়েছেন।
সফরকালে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকগুলোতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয় গুরুত্ব পাবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হবে।
সফরের অংশ হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে একটি মধ্যাহ্নভোজ সভায় অংশ নেবে ভারতীয় প্রতিনিধিদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সভায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের মতবিনিময়ের কথা রয়েছে।
সিআইআই জানিয়েছে, সফরটির মূল লক্ষ্য বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করা। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাগুলো পর্যালোচনা করা হবে।
এ ছাড়া অর্থনৈতিক সহযোগিতার উদীয়মান ক্ষেত্রগুলো চিহ্নিত করে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও নতুন অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ খোঁজা হবে। ফলে সফরটি দুই দেশের বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।![]()