নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশে প্রথমবারের মতো চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির গাড়ি উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে দেশীয় কোম্পানি রানার অটোমোবাইলস। এ–সংক্রান্ত কারিগরি চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং কোম্পানির পরিচালনা পর্ষদ তা অনুমোদন করেছে।
বিওয়াইডির শর্ত পূরণে রানার অটোমোবাইলস ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে নতুন বিনিয়োগ সংগ্রহ করবে। সংগৃহীত অর্থের অন্তত ৫০ শতাংশ পরবর্তী সময়ে ইকুইটি মূলধনে রূপান্তর করা হবে। একই সঙ্গে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জন্য কারখানা সম্প্রসারণ ও নতুন যন্ত্রপাতি স্থাপনে অতিরিক্ত বিনিয়োগ করা হবে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটি অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্তও নেয়। প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদনের পর এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
রানারের এক শীর্ষ কর্মকর্তা জানান, গত মার্চে বিওয়াইডির সঙ্গে সম্ভাব্যতা যাচাই–সংক্রান্ত চুক্তি হয়েছিল। সেই প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ার পর কারিগরি চুক্তি সম্পন্ন হয়েছে। এখন উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও মেশিনারি স্থাপনের কাজ শুরু হবে। স্থানীয় উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত বিওয়াইডির গাড়ি আমদানি করে বাজারজাত করবে রানার।
খবরটি প্রকাশের পর শেয়ারবাজারেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। রোববার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রায় ১৫ কোটি টাকার রানার অটোমোবাইলসের শেয়ার হাতবদল হয়। এ সময় কোম্পানিটির শেয়ারদর ৬০ পয়সা বেড়ে ৫২ টাকা ৮০ পয়সায় পৌঁছায়।
২০২৪ সালে বাংলাদেশে বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ির আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়। তখন থেকেই রানার গ্রুপের প্রতিষ্ঠান সিজি–রানার বাংলাদেশ লিমিটেড কোম্পানিটির পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছে। এবার সেই অংশীদারিত্ব স্থানীয় উৎপাদনের নতুন অধ্যায়ে প্রবেশ করল।