ডেঙ্গুর নতুন সংকেত
তিন দিন জ্বরের পর পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়েছিল রাজধানীর মিরপুরের আবু বকর সিদ্দিক পিন্টুর। প্রথম পরীক্ষায় প্লাটিলেট ছিল প্রায় দেড় লাখ। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তা নেমে আসে ১৫ হাজারে। এরপর দ্রুত লিভার ও কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
এ ধরনের ঘটনা এবার বিচ্ছিন্ন নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের পর্যবেক্ষণে, চলতি মৌসুমে ডেঙ্গুর উপসর্গ ও রোগের গতিপ্রকৃতিতে পরিবর্তন দেখা যাচ্ছে। অনেক রোগীর শুরুতে জ্বর মৃদু থাকায় তারা ভাইরাল জ্বর ভেবে বাড়িতেই থাকছেন। আবার জ্বর কমে যাওয়াকে সুস্থ হওয়ার লক্ষণ ধরে স্বাভাবিক জীবনে ফিরছেন। অথচ ডেঙ্গুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় শুরু হয় অনেক ক্ষেত্রেই জ্বর সেরে যাওয়ার পর।
রাজধানীর বারিধারার মাদানী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ফারাজী হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ বলেন, প্রতি বছরই ডেঙ্গুর উপসর্গে কিছু পরিবর্তন দেখা যায়। এবার অনেক রোগীর তীব্র জ্বর না থাকায় তারা তিন-চার দিন পরীক্ষা করাচ্ছেন না। ফলে হাসপাতালে পৌঁছানোর আগেই অনেকে সংকটাপন্ন হয়ে পড়ছেন। তার ভাষায়, “তীব্রতা কম হলেও ডেঙ্গুর মৌসুমে কোনো জ্বরকে অবহেলা করা যাবে না।”
জুরাইনের ১১ বছর বয়সী তাবিয়া তাবাসুসমের ঘটনাও একই সতর্কবার্তা বহন করছে। শুরুতে জ্বর তীব্র না হওয়ায় বাড়িতেই চিকিৎসা চলছিল। পরে প্লাটিলেট ও রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কয়েক দফা চিকিৎসার পর আইসিইউতে তার মৃত্যু হয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ডেঙ্গুর সবচেয়ে বিপজ্জনক জটিলতা শুধু প্লাটিলেট কমে যাওয়া নয়, বরং প্লাজমা লিকেজ। এ অবস্থায় রক্তনালি থেকে তরল অংশ বেরিয়ে গিয়ে রক্ত ঘন হয়ে যায়, রক্তচাপ হঠাৎ নেমে আসে এবং রোগী ডেঙ্গু শক সিন্ড্রোমে চলে যেতে পারেন। তীব্র পেটব্যথা, বারবার বমি, অতিরিক্ত দুর্বলতা ও শ্বাসকষ্ট—এসব উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন জানান, দেশে ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ রয়েছে। গত বছর ঢাকায় সেরোটাইপ–২ ও ৩ বেশি ছিল। আগে এক সেরোটাইপে আক্রান্ত কেউ অন্য সেরোটাইপে সংক্রমিত হলে জটিলতার ঝুঁকি বেড়ে যেতে পারে। তার মতে, এখন রোগীর অবস্থা মূল্যায়নে প্লাটিলেটের চেয়ে রক্তচাপ, রক্তের ঘনত্ব, প্রস্রাবের পরিমাণ এবং লিভার-কিডনির কার্যকারিতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৮ জন। চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জনে, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।
চিকিৎসকদের পরামর্শ
- ডেঙ্গুর মৌসুমে ১–২ দিনের বেশি জ্বর হলে দ্রুত পরীক্ষা করুন।
- জ্বর কমে গেলেও অন্তত ৪৮ ঘণ্টা সতর্ক পর্যবেক্ষণে থাকুন।
- প্লাটিলেটের সংখ্যার পাশাপাশি রক্তচাপ, প্রস্রাবের পরিমাণ ও শারীরিক দুর্বলতার দিকে নজর দিন।
- তীব্র পেটব্যথা, বমি, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক অবসাদ দেখা দিলে দেরি না করে হাসপাতালে যান।
এই মৌসুমের অভিজ্ঞতা চিকিৎসকদের কাছে একটি বিষয় স্পষ্ট করেছে—ডেঙ্গু এখন শুধু উচ্চ জ্বরের রোগ নয়; অনেক ক্ষেত্রে নীরবভাবে শুরু হয়ে জ্বর কমার পরই সবচেয়ে বড় সংকট তৈরি করছে।