সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা ‘দ্যুতি’ নতুনভাবে চালু করেছে ব্র্যাক ব্যাংক। নতুন সংস্করণে যুক্ত হয়েছে ‘দ্যুতি সেভিংস অ্যাকাউন্ট’ এবং প্রথমবারের মতো ‘দ্যুতি স্যালারি অ্যাকাউন্ট’।
নতুন দ্যুতি সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকরা প্রথম বছর বিনা মূল্যে ভিসা মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড পাবেন। এছাড়া আন্তঃশাখা লেনদেন, এসএমএস সতর্কবার্তা ও মাসিক গড় ৫০ হাজার টাকা ব্যালান্স বজায় রাখলে অ্যাকাউন্ট পরিচালনা ফিও মওকুফ থাকবে। প্রতি মাসে সুদ, ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং এবং ২৪ ঘণ্টার গ্রাহকসেবার সুবিধাও থাকছে।
সরকারি চাকরিজীবীদের জন্য চালু হওয়া দ্যুতি স্যালারি অ্যাকাউন্টে অন্য ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে পাঁচবার বিনা মূল্যে টাকা তোলা যাবে। পাশাপাশি প্রথমবারের মতো বিনা মূল্যে ১০ পাতার চেকবই, ব্যক্তিগত ঋণ ও ক্রেডিট কার্ডে বিশেষ অফারও দেওয়া হবে।
ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও শাখা বিতরণ নেটওয়ার্কের প্রধান শেখ মোহাম্মদ আশফাক বলেন, রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকার কথা বিবেচনায় রেখে তাদের প্রয়োজন অনুযায়ী আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যেই ‘দ্যুতি’ নতুনভাবে সাজানো হয়েছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখা অথবা ১৬২২১ নম্বরে যোগাযোগ করে এ হিসাব খুলতে পারবেন। বর্তমান গ্রাহকরাও প্রযোজ্য শর্ত সাপেক্ষে তাদের বেতন হিসাব ব্র্যাক ব্যাংকে স্থানান্তর করতে পারবেন।![]()