ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ক্রিকেট বিশ্বের সাবেক ও বর্তমান তারকাদের একের পর এক এমন আহ্বানের মধ্যে এবার লারাও ইমরানের পাশে দাঁড়ালেন।
ইমরানের সঙ্গে মাঠে প্রতিদ্বন্দ্বিতার স্মৃতি তুলে ধরে লারা বলেন, তার বিপক্ষে খেলার সুযোগ খুব বেশি হয়নি। তবে সেই অল্প সময়েই ইমরানের প্রতি তার যে শ্রদ্ধা তৈরি হয়েছিল, তা স্থায়ী হয়ে গেছে।
ইমরানের খেলোয়াড়ি জীবনের প্রসঙ্গ টেনে লারা বলেন, একসময় তিনি পাকিস্তানের মানুষের আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন। অথচ এখন এমন অবস্থায় রয়েছেন, যেখানে প্রয়োজনীয় যত্ন, সহানুভূতি ও প্রাপ্য সম্মান থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন। বিষয়টি মেনে নেওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
ইমরানের জন্য উপযুক্ত ও বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন লারা। একই সঙ্গে কারাগারে তার মানবিক মর্যাদা নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।
বিষয়টিকে রাজনৈতিক বিতর্ক হিসেবে না দেখার আহ্বান জানিয়ে লারা বলেন, এটি রাজনীতির বিষয় নয়; ক্রিকেটের একজন কিংবদন্তির প্রতি সাধারণ মানবিকতার প্রশ্ন।
১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর পর ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে সক্রিয় হন ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ক্ষমতা হারানোর পর দুর্নীতিসহ একাধিক মামলায় সাজা পেয়ে প্রায় সাড়ে তিন বছর ধরে কারাগারে রয়েছেন। ইমরান অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।
এর আগে ইমরানের চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার দাবিতে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ২৩ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন। পরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ও মঈন খানও ইমরানের পক্ষে কথা বলেন।![]()