২০২৫ সালের জন্য ঘোষিত ৩০ শতাংশ লভ্যাংশের অংশ হিসেবে সরকারকে ৮ কোটি ৭০ লাখ টাকা দিয়েছে গ্রামীণ ব্যাংক। সরকারের মালিকানাধীন শেয়ারের বিপরীতে এ অর্থ পরিশোধ করা হয়েছে।
গতকাল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে লভ্যাংশের চেক হস্তান্তর করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান ও মো. রেজাউল করিম চৌধুরী এবং কোম্পানি সচিব আব্দুস সবুর মো. বাকিউস উপস্থিত ছিলেন।
গ্রামীণ ব্যাংকের শেয়ার কাঠামো অনুযায়ী, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতা সদস্যরা। বাকি ১০ শতাংশ শেয়ার সরকারের মালিকানাধীন। ২০২৫ সালের জন্য সব শেয়ারহোল্ডারকে ৩০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই সিদ্ধান্তের আওতায় সরকারের ১০ শতাংশ মালিকানার বিপরীতে ৮ কোটি ৭০ লাখ টাকা লভ্যাংশ পরিশোধ করেছে ব্যাংকটি। ফলে ব্যাংকের ঘোষিত লভ্যাংশের একটি অংশ সরাসরি সরকারের রাজস্বে যুক্ত হলো।![]()