মেটলাইফ বাংলাদেশের ‘ওয়ান বাই মেটলাইফ’ মোবাইল অ্যাপে ‘থ্রি সিক্সটি হেলথ স্কোর’ নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা শারীরিক, মানসিক ও আর্থিক সুস্থতার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে পারবেন।
ঢাকায় গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ফিচারটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মেটলাইফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মেটলাইফের তথ্য অনুযায়ী, বর্তমানে সাত লাখের বেশি নিবন্ধিত গ্রাহক ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপ ব্যবহার করছেন। একটি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে গ্রাহকরা আর্থিক সুরক্ষা, বীমা ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাচ্ছেন।
নতুন ফিচারটিতে বিশেষ স্কোরিং ব্যবস্থার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দেওয়ার পাশাপাশি দৈনন্দিন আর্থিক সিদ্ধান্ত গ্রহণেও সহায়তা করা হবে।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘থ্রি সিক্সটি হেলথ স্কোর’ মেটলাইফের ডিজিটাল সেবায় নতুন মাত্রা যুক্ত করেছে। গ্রাহকদের জন্য অর্থবহ ও উদ্ভাবনী সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবেই নতুন ফিচারটি চালু করা হয়েছে।
মেটলাইফ ১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ১০ লাখের বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০-এর বেশি করপোরেট গ্রাহক রয়েছে।![]()