দেশের ক্যাশ ম্যানেজমেন্ট সেবায় টানা ১৭ বারের মতো শীর্ষস্থান অর্জন করেছে এইচএসবিসি বাংলাদেশ। চলতি বছরের ‘ইউরোমানি ক্যাশ ম্যানেজমেন্ট জরিপে’ বাংলাদেশের সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক নির্বাচিত হওয়ার পাশাপাশি পণ্য, প্রযুক্তি ও গ্রাহকসেবা—তিনটি উপশ্রেণীতেও প্রথম হয়েছে ব্যাংকটি।
বিশ্বের অন্যতম বৃহৎ ট্রেজারি ও ক্যাশ ম্যানেজমেন্ট জরিপ হিসেবে পরিচিত ইউরোমানির এ আয়োজনে সাড়ে সাত হাজারের বেশি গ্রাহক অংশ নেন। গ্রাহকদের মতামতের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে ব্যাংকগুলোর ক্যাশ ম্যানেজমেন্ট সেবা মূল্যায়ন করা হয়। এবারের জরিপে বিশ্বব্যাপী এবং এশিয়া অঞ্চলেও ক্যাশ ম্যানেজমেন্টে শীর্ষ স্বীকৃতি পেয়েছে এইচএসবিসি।
জরিপের ফল অনুযায়ী, চলতি বছর বিশ্বের প্রতিটি অঞ্চলে এইচএসবিসির অবস্থানের উন্নতি হয়েছে। এশিয়া অঞ্চলেও ব্যাংকটি প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশের বাজারে টানা ১৭ বছর শীর্ষস্থান ধরে রাখার বিষয়টি ব্যাংকটির ক্যাশ ম্যানেজমেন্ট সেবায় দীর্ঘমেয়াদি গ্রাহক আস্থার একটি সূচক হিসেবে তুলে ধরা হয়েছে।
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, টানা ১৭ বারের মতো ক্যাশ ম্যানেজমেন্টে শীর্ষস্থান অর্জন ব্যাংকটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর মতে, এ স্বীকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা।
তিনি বলেন, গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দ্রুত ও নিরাপদ অর্থ স্থানান্তর এবং নগদ অর্থপ্রবাহ ব্যবস্থাপনা এখন প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল পেমেন্টস সার্ভিসেসের প্রধান নেওয়াজ মুর্শারাফ বলেন, বাংলাদেশের সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে স্বীকৃতি পাওয়া সম্মানের বিষয়। দ্রুত অর্থ সংগ্রহ, সহজ পেমেন্ট ব্যবস্থা, নগদ প্রবাহের স্বচ্ছতা এবং নিরাপদ নিয়ন্ত্রণের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন কার্যক্রম সহজ করার ওপর ব্যাংকটি গুরুত্ব দিচ্ছে।
ক্যাশ ম্যানেজমেন্ট সেবার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ সংগ্রহ ও পরিশোধ ব্যবস্থাপনা, নগদ অর্থপ্রবাহ পর্যবেক্ষণ এবং বিভিন্ন বাজারে তারল্য ব্যবস্থাপনায় সহায়তা করে থাকে এইচএসবিসি। প্রযুক্তি, বৈশ্বিক ব্যাংকিং নেটওয়ার্ক এবং বিভিন্ন দেশের বাজারে সংযোগকে কাজে লাগিয়ে করপোরেট গ্রাহকদের জন্য এসব সেবা দেওয়া হচ্ছে।
ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, এবারের স্বীকৃতি ক্যাশ ম্যানেজমেন্টে প্রযুক্তিনির্ভর সেবা, বৈশ্বিক সংযোগ এবং গ্রাহকদের আস্থার প্রতিফলন। ব্যবসা ও বাণিজ্যের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত অর্থ সংগ্রহ, পরিশোধ এবং তারল্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাও বাড়ছে। এ কারণে করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য ক্যাশ ম্যানেজমেন্ট সেবাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিচ্ছে ব্যাংকটি।![]()