‘শুদ্ধ ব্যাংকিং, সমৃদ্ধ আগামী’ স্লোগানকে সামনে রেখে সিটিজেনস ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং উইন্ডো ‘সিটিজেনস ইসলামিক’ চালু করেছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালুর মাধ্যমে শরিয়াহসম্মত, নৈতিক ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা সম্প্রসারণে নতুন অধ্যায়ের সূচনা হলো। গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত হিসাব, সঞ্চয় ও বিনিয়োগ সুবিধার পাশাপাশি অংশীদারত্বভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান, পরিচালক মোখলেসুর রহমান, এস এম শফিকুল হক ও মো. রফিকুল আলম এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম শহীদুল হক।
এছাড়া ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সামাদ, সদস্য ড. মুফতি মুহাম্মদ আবু ইউসুফ খান ও মুফতি মঈনুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফ অনুষ্ঠানে অংশ নেন।
ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিল্প ও উৎপাদনশীল খাতে শরিয়াহসম্মত অর্থায়নের সুযোগ বাড়বে। আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার সঙ্গে ইসলামিক ব্যাংকিংয়ের সমন্বয়ে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।![]()