এনআরবি ব্যাংকের এএমডি হলেন কিমিয়া সাদাত ও আনোয়ার উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাংকার কিমিয়া সাদাত। একই সঙ্গে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আনোয়ার উদ্দিন পদোন্নতি পেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিমিয়া সাদাতের ব্যাংকিং খাতে ২৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি করপোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিংসহ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। এনআরবি ব্যাংকে যোগদানের আগে তিনি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, আনোয়ার উদ্দিনের ব্যাংকিং খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮৭ সালে এনসিসি ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯৬ সালে সাউথইস্ট ব্যাংকে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং উপব্যবস্থাপনা পরিচালক পদে উন্নীত হন। পরবর্তী সময়ে তিনি এনআরবি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। সর্বশেষ তিনি পদোন্নতি পেয়ে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।