এবি ব্যাংক পিএলসি ‘এবি সেঞ্চুরি’ নামে নতুন একটি আমানত পণ্য চালু করেছে। ‘শতকেই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে চালু করা এ স্কিমের মাধ্যমে মাত্র ১০০ দিনেই আকর্ষণীয় মুনাফা পাওয়ার সুযোগ থাকছে বলে জানিয়েছে ব্যাংকটি।
সম্প্রতি চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট শাখায় নতুন এ আমানত পণ্যের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কিমটির উদ্বোধন করেন চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান ও চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের জন্য স্বল্পমেয়াদি আমানতে আকর্ষণীয় মুনাফার সুযোগ তৈরি করাই নতুন এ পণ্যের অন্যতম লক্ষ্য। মাত্র ১০০ দিনের মেয়াদে সর্বোচ্চ রিটার্নের সুবিধা দেওয়ার কথা জানিয়েছে ব্যাংকটি। তবে আমানতের মুনাফার হার, ন্যূনতম জমার পরিমাণ ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
উদ্বোধনী অনুষ্ঠানে এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেডএম বাবর খান, উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়ালসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।![]()