কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। সোমবার (৩ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের দিন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং স্বাগত জানান।
ব্যাংকিং খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের। দীর্ঘ কর্মজীবনে তিনি রিটেইল, এসএমই ও কৃষি, করপোরেট, ট্রানজেকশন এবং শাখা ব্যাংকিংয়ে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি ব্যবসায়িক কৌশল প্রণয়ন, ব্যালান্স শিট শক্তিশালীকরণ, টেকসই প্রবৃদ্ধি, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
কমিউনিটি ব্যাংকে যোগদানের আগে তিনি পদ্মা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ব্যবসা কর্মকর্তা (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মার্চে প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়ার পর ব্যাংকের ব্যবসা পুনরুজ্জীবিত করা, গ্রাহকভিত্তি শক্তিশালী করা এবং প্রবৃদ্ধিমুখী কৌশল বাস্তবায়নে ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি একই ব্যাংকে প্রধান পুনরুদ্ধার কর্মকর্তা (সিআরও) এবং প্রধান অর্থপাচার প্রতিরোধ ও কমপ্লায়েন্স কর্মকর্তা (ক্যামেলকো) হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে রিটেইল ব্যাংকিং, এসএমই ও কৃষি ব্যাংকিং এবং করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ, এইচএসবিসি বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক পিএলসি. (ইবিএল) এবং ঢাকা ব্যাংক পিএলসিসহ বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংকে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্বে ছিলেন।
মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। পরে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।
ব্যাংকিং পেশার পাশাপাশি তিনি ব্যাংকারদের পেশাগত উন্নয়নেও সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং পরে সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দেশে ও বিদেশে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি, পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা ও আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে ব্যাংকিং, সুশাসন ও কৌশলগত ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বাড়িয়েছেন।
নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে স্বাগত জানিয়ে কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করেছে, তার নেতৃত্বে ব্যাংকটি আধুনিক, গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ক্যাশলেস আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং গ্রাহক ও শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে নতুন গতি আসবে বলে তারা প্রত্যাশা করেছে।