দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে যমুনা ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে গত ১৬ আগস্ট বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
তিন বছর মেয়াদি এ ঘূর্ণায়মান পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষি ও পল্লী খাতের বিভিন্ন কার্যক্রমে অর্থায়নের সুযোগ থাকবে। এর মধ্যে শস্য ও ফসল উৎপাদন, মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও সেচ যন্ত্রপাতি এবং গ্রামীণ এলাকায় আয়বর্ধক বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে।
স্কিমের আওতায় কৃষক ও গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৮ শতাংশ সরল সুদে ঋণ বা বিনিয়োগ সুবিধা দেওয়ার বিধান রাখা হয়েছে। এর ফলে কৃষক ও গ্রামীণ উদ্যোক্তাদের তুলনামূলক সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি হবে।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং যমুনা ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. শাহিদুল ইসলাম এবং হেড অব এগ্রিকালচারাল লোন ইউনিট মো. আবু বক্কর সিদ্দিক স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের এগ্রি ক্রেডিট বিভাগের যুগ্ম পরিচালক-২ মো. সাখাওয়াত হোসেন ও অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যমুনা ব্যাংক জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে কৃষক ও গ্রামীণ উদ্যোক্তাদের জন্য সহজতর অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে ব্যাংকটি আরও কার্যকর ভূমিকা রাখতে চায়।![]()