বৈশ্বিক নেতৃত্ব, ব্যাংকিং খাতে উৎকর্ষ এবং ডিজিটাল উদ্ভাবন নিয়ে প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘মাস্টারকার্ড প্রেজেন্টস রাইজ অ্যাবাভ অল ১০এক্স পাওয়ার্ড বাই এমটিবি’-এর সান্ধ্যকালীন অধিবেশন। শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত এই আয়োজনের সমাপনী পর্বে দেশের শীর্ষ কর্পোরেট ব্যক্তিত্বদের অনুপ্রেরণামূলক বক্তব্য, বিনোদন এবং তরুণ মেধাবীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
![]()
সান্ধ্যকালীন এই বিশেষ সেশনে সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। আধুনিক ব্যাংকিং ব্যবস্থার অগ্রগতি, ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনা এবং পরিবর্তনশীল বিশ্বে কার্যকর নেতৃত্ব গড়ে তোলার নানা দিক নিয়ে নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও দূরদর্শী ভাবনা তুলে ধরেন তাঁরা।
![]()
গভীর ও দিকনির্দেশনামূলক আলোচনার পাশাপাশি সেশনটিকে আরও উপভোগ্য করে তোলে স্ট্যান্ড-আপ কমেডির বিশেষ বিরতি। এ ছাড়া সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল ‘মাস্টারকার্ড বিজনেস কেস অ্যান্ড কুইজ কম্পিটিশন’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রতিযোগিতার বিজয়ী মেধাবী তরুণদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাঁদের সৃজনশীলতা ও সাফল্য উদযাপন করা হয়।
আয়োজকদের মতে, নেতৃত্ববিষয়ক প্রাণবন্ত আলোচনা, বিনোদন ও মেধাবীদের স্বীকৃতি—সব মিলিয়ে পুরো সেশনে ছিল অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য। বক্তাদের প্রেরণাদায়ী বক্তব্য উপস্থিত তরুণদের মধ্যে নতুন ভাবনার খোরাক জুগিয়েছে এবং সব সীমাবদ্ধতা ছাড়িয়ে ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’-এর মূল চেতনায় এগিয়ে যাওয়ার উদ্দীপনা তৈরি করেছে।

